মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ অনুষ্ঠান শুরুর আগেই দফায় দফায় সভাস্থলে হামলার অভিযোগ। নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি কেন, আদালতের প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা। অবিলম্বে বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূলের অনুষ্ঠানের সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya)। 

কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court) অনুমতি নিয়ে সভা হচ্ছে, সেখানে দুষ্কৃতী তাণ্ডব হামলার অভিযোগ ওঠায় রাজ্য ও পুলিশকে তীব্র ভর্ৎসনা আদালতের।দ্রুত উপযুক্ত পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।মমতাপন্থী তৃণমূলের আইনজীবী অর্ক নাগ মঙ্গলবার বিচারপতি ভট্টাচার্যের এজলালে জানান, তারা সোমবার রাতেই প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ইমেইল করে এই বিষয়ে অবহিত করেছেন। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) উদ্দেশ্যে বলেন, “আদালতের নির্দেশ ছিল কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছিল পুলিশ। তার পরেও কেন এমন ঘটনা?” পাশাপাশি এই ঘটনায় পুলিশের পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

মঙ্গলবার কোর্ট খুলতেই বিচারপতি ভট্টাচার্য বলেন, অশান্তি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল আদালত। এরপর এই ধরনের অভিযোগ অত্যন্ত বিরক্তিকর। কোর্টের অনুমতি নিয়ে করা কর্মসূচির ক্ষেত্রে এমন হলে সাধারণ মানুষ কোথায় যাবে? এরপরই আদালতের তরফে অবিলম্বে যুগ্ম-কমিশনার নিযুক্ত করে মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।