প্রাথমিক নিয়োগ মামলায় CBI-এর দেওয়া চতুর্থ তথা চূড়ান্ত সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করল আদালত। এর ফলে মামলাটির বিচারের আইনি পথ প্রশস্ত হল। শুরুর প্রথম ধাপ হিসেবে এবার চার্জ গঠনের শুরুর নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই কোর্টের বিচারক। মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের উপর ক্ষোভ প্রকাশ করে আদালত।
মানিক ভট্টাচার্যের আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারক প্রশ্ন তোলেন, "আদালতের তরফে সমন জারি করা সত্ত্বেও কেন তিনি এখনও আত্মসমর্পণ করেননি?" জবাবে মানিক ভট্টাচার্যের আইনজীবী আদালতকে জানান, পরবর্তী নির্ধারিত তারিখেই তাঁর মক্কেল আদালতে উপস্থিত হবেন। এরপরই বিচারক নির্দেশ দেন, মামলার পরবর্তী শুনানিতে মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।
এই চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর। এদিন তাঁরা দুজনেই বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানির পর তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর।
অন্য দিকে, স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলাতেও আইনি তৎপরতা তুঙ্গে। এই মামলায় বিশেষ ইডি আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। এই চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম রয়েছে। আগামী ৭ জুলাই বিশেষ ইডি আদালতে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে। তবে এরই মধ্যে আদালতের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবীর মারফত তিনি জানিয়েছেন, আগামী ৬ জুলাই ভেলোরের হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। সেই চিকিৎসার কারণে ৭ জুলাই আদালতের শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারবেন না।
















