অগাস্টের প্রথম দিন (১ অগাস্ট ২০২৬) অর্থাৎ শনিবার থেকে এই দেশ জুড়ে জনগণনা শুরু হচ্ছে (Census Begins)। ডিজিটাল পদ্ধতির 'সেল্ফ এনুমারেশন’(Self-Enumeration) অর্থাৎ স্ব-সুমারির প্রথম ধাপে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন নাগরিকরা। জনগণনার পাশাপাশি প্রথম ধাপ গৃহ গণনাও চলবে। স্বাধীন ভারতের অষ্টম জনগণনার কাজের সাহায্য করতে পারবেন প্রযুক্তি সচেতন শিক্ষার্থীরাও। প্রক্রিয়া চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।
অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য শহরে প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক বা কমিশনার স্মিতা পাণ্ডে (Smita Pandey) জানান, 'কলকাতার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে এই সেলফ-এনুমারেশনে নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কলকাতায় ৮,২০০ জন এনুমারেটর ও ১,৪০০ জন সুপারভাইজারকে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে।' স্কুলের প্রতি ক্লাসে একজন ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হচ্ছে। প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও ১০টি পরিবারকে অনলাইনে স্ব-সুমারিতে উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে তথ্য আপলোড করবেন?
জনসুমারি সংক্রান্ত পোর্টাল se.census.gov. in ক্লিক করে কয়েক মিনিটের মধ্যেই যে কেউ সহজেফর্ম পূরণ করতে পারবেন। ওয়েবসাইটটিকে শুক্রবার রাত ১২টা থেকেই সক্রিয় করে দেওয়া হয়েছে। পরপর আটটি ধাপে ফর্ম পূরণ করলে ১১ সংখ্যার ‘SEID’ মেসেজ চলে আসবে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল বা ই-মেলে। পরে বাড়িতে গণনাকর্মী গেলে তাঁকে সেটি দেখাতে হবে। যাঁরা নিজেরা করতে পারবেন না তাদের চিন্তার কিছু নেই কারণ আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ করতে জেলায় জেলায় পৌঁছে যাবেন দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মীরা।
















