বাঁকুড়ার (Bankura) মেজিয়া শিল্পাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে তৈরি হওয়া শ্যাম স্টিল প্ল্যান্টের (Shyam Steel Plant) সম্প্রসারণ অনুষ্ঠানে গিয়ে বাংলার আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। পূর্বতন সরকারকে নিশানা করে তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে শিল্পকে চূড়ান্ত অবহেলা করা হয়েছে। বাংলায় এখন আইনের শাসন তাই তোলাবাজি, সিন্ডিকেটরাজ চলবে না। কারখানার গেটে তালা লাগাতে গেলে সোজা জেলে পাঠানো হবে।

শুক্রবার শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিশিষ্টরা। রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত দশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এ রাজ্যে সুস্থ আইনশৃঙ্খলার পরিবেশ তৈরি করার পাশাপাশি সিন্ডিকেট, কাটমানি তোলাবাজি এবং সব জায়গায় রাজনীতিকরণ বন্ধ করতে হবে। মেজিয়ায় এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে এলাকার একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শ্যাম স্টিল কর্তৃপক্ষ। রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, বাংলার বিজেপি সরকার তৈরি না হলে এই শিল্প ওড়িশায় চলে যেত। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের পাশাপাশি পরম্পরাও বজায় থাকবেন। এরপর তৃণমূল সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, 'আগের সরকারি আমলে কোন কাজ করতে গেলেই তোলা দিতে হত। আমরা এসব বন্ধ করব। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব হাতে এখন সময় আছে প্ল্যান্টের ভিতরটা এসে দেখে যান। আমাকে বলবেন সরকারের হেলিকপ্টারটা পাঠিয়ে দেব।' এখানেই শেষ নয় তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দেখলেই বলতেন বাংলাকে গুজরাট হতে দেব না, আমি বলছি বাংলা সংস্কৃতি অটুট আছে। বিজেপি সরকার আসায় পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ হওয়ার হাত থেকে বেঁচে গেছে। রাজ্যে ফিরছেন বিনিয়োগকারীরা।'
শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy) বলেন, 'কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন পরিচয় শ্রমিকদের ফেরানোর জন্য আমরা কাজ করব। সারা দেশের মধ্যে শিল্পক্ষেত্রে বাংলা শ্রেষ্ঠ হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বাংলার মানুষের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর কথা হয়েছে। আদানি গোষ্ঠীও বাংলায় শিল্পস্থাপনে আগ্রহী। যাঁরা বাংলা ছেড়ে বাইরে চলে গেছেন তাঁর এবার নিজের রাজ্যে কাজ পাবেন।
















