“এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান”- ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syamaprasad Mukharjee) এই উক্তিকে সামনে রেখে এগিয়ে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তারই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) রাজ্যে লাগু করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। সোমবারই, বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া অনুমোদনের পেশ হবে। এরপর বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে অগাস্টেই বিধানসভায় বিলটি পেশ ও পাশ করানোর লক্ষ্য রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। 

কেন মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গে UCC চালু করতে? 

সবার সমান অধিকারের লক্ষ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ চলেছেন শুভেন্দু অধিকারী। সারাদেশে একটি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য ভারতের সংবিধানের ৪৪ নম্বর ধারায় (Article 44) রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির চালুর মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে লিভ-ইন সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানকে আইনিভাবে বৈধ উত্তরাধিকারীর স্বীকৃতি- বিভিন্ন বিষয়ে ঐতিহাসিক পদক্ষেপ করবে রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার। পৈতৃক সম্পত্তির অধিকারেও ছেলে ও মেয়ের মধ্যে কোনওরকম বৈষম্য রাখা হয়নি। সম্পত্তিতে উভয়ের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কমিটেড। সংকল্পপত্রে লিখেছিলাম পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করব। সেই প্রতিশ্রুতি আমরা পালন করব।” 

রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানান, ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইন নয়, রাজ্যে একটি অভিন্ন আইনই কার্যকর হবে। তবে প্রস্তাবিত আইনে তফসিলি জনজাতি, মূলবাসী, আদিবাসী, কুড়মি-সহ প্রাচীন জনজাতিগুলিকে ইউসিসির আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, উত্তরাখণ্ড ও গুজরাটের মডেল অনুসরণ করেই এই বিল তৈরি করা হচ্ছে। বিবেচনা করা হচ্ছে অসমের ইউসিসি বিলের বিভিন্ন দিকও। 

একই সঙ্গে বিরোধী মত গ্রহণের রাস্তাও খোলা রেখেছেন শুভেন্দু। বলেন, ”কারও কোনও আপত্তি বা মতামত থাকলে তা সরাসরি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির কাছে জমা দেওয়া যেতে পারে।” তবে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইউসিসি কার্যকর করতে বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি হবে, হবে, হবে।”

মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপ বাংলার ইতিহাসে এই মাইল ফলক হয়ে থাকবে।