নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে ধসের জেরে সম্পূর্ণ বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার দুপুর পর্যন্ত পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। যার ফলে আজ দিনভর একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এই অবস্থায় যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (Govt of West Bengal)। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানান, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আটকে পড়া যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সরকারের তরফে বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল-খাবারের ব্যবস্থাও করেছে রাজ্য।

টানা বৃষ্টিতে রেল ট্র্যাকের মাটি আলগা হয়ে যাওয়ায় বৃহস্পতিবার নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে ধস নামে। ব্যাহত হয় পরিষেবা। দ্রুত মেরামতির শুরু হলেও এই কাজ চলাকালীন ফের ধস নামে। বিপদ এড়াতে বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে নতুন করে ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল। সমস্যায় পড়েছেন যাত্রীরা। ফরাক্কায় ধসের জেরে মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে আটকে পড়েছে যাত্রীবাহী একাধিক ট্রেন। এই অবস্থায় পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার। ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাঁরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন সেই কারণে বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ট্রেনে আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে ২০টি সরকারি বাস। এই পরিষেবার জন্য কোনও ভাড়া দিতে হবে না। একাধিক গুরুত্বপূর্ণ রুটে বেশ কয়েকটি বাসের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রুটে বাস পরিষেবা মিলবে - 

  • • কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে।
  • • শুক্রবার শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে ১৮ টি বাস চলবে।
  • • দুর্গাপুর-বালুরঘাট রুটে ২ অতিরিক্ত বাস এবং মালদহ- কলকাতা রুটে ৫টি বিশেষ বাস চালানো হচ্ছে।
  • • আজ সন্ধ্যায় যাঁরা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন, তাঁদের জন্য কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির NJP বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে।
  • • বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা অন্তর পরিষেবা মিলবে।