শুক্রবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan Festival)। পঞ্জিকার পূর্ণিমা তিথি মেনেই ভাইদের হাতে রাখি বেঁধে দিতে তৈরি বোনেরা। সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা আজ গোটা রাজ্য জুড়ে। আজ সকালে নিজের বিধানসভা এলাকা ভবানীপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সকাল সাড়ে দশটা নাগাদ চেতলা এলাকায় রাখি বন্ধন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময়ও করবেন বলে মনে করা হচ্ছে।

রাজ্যজুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা, জেলা সদর থেকে পুরসভা সর্বত্রই বিজেপি সরকারের (BJP Government) উদ্যোগে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্জ্বলন, রাখিবন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন সরকারি অফিসগুলিতে। রাজ্যের প্রশাসনিক প্রধানের আজ দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে যার মধ্যে বেলা বারোটায় নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal) তরফ থেকে আয়োজিত রাখিবন্ধনের অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু। পূর্ব ঘোষণা মতোই বিকেলে যাদবপুর ৮বি অঞ্চলে বন্দেমাতরম কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যেতে পারেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। সেইমতো প্রস্তুতি সেরে রাখছেন উপাচার্য থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সকলেই।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এ বছর রাখি বন্ধন উৎসবে গোটা বাংলা জুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য মোট বরাদ্দ মোট আর্থিক বরাদ্দ ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা। ২২টি জেলা সদর দফতরের জন্য বরাদ্দ ২২ লক্ষ টাকা, GTA-র জন্য ১ লক্ষ এবং কলকাতা পুরনিগমের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কলকাতা পুরনিগমের (KMC) উদ্যোগেও বিশেষ রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে।