ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাছে ধমক খেয়েছিলেন সীতাদেবী। এরপরই বিজেপি মন্ত্রীর আচরণের নিন্দায় যখন সরব সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে হাজির হলেন ফুটপাথবাসী ওই মহিলা। মঙ্গলবার বিধায়ক সজল ঘোষের সঙ্গে সল্টলেকে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রতি আস্থা আছে বলে জানিয়েছেন সীতা দেবী, দাবি স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধানের। কলকাতা কর্পোরেশনকে (KMC) বলে ওই মহিলার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
কলকাতার সৌন্দর্যায়ন করতে গিয়ে পুরমন্ত্রীর অমানবিক রূপের ছবি ধরা পড়তেই অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপি শিবিরকে। অগ্নিমিত্রা অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন। তবে বিরোধীরা থেমে থাকেনি। সোমবার বিকেলে সমাজমাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফুটপাথবাসী মহিলার দায়িত্ব নিতে প্রস্তুত। আজ সীতা দেবী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই, নাম করে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।”
এদিন একযোগে বাম ও তৃণমূল সরকারকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, মাকুরা শুধু সমালোচনা করতে জানে। নিজেদের শাসনকালে কিছুই করেনি। তৃণমূলের প্রতিও একই অভিযোগ করে তাঁর মন্তব্য ,"বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল।বিজেপি সরকার সকলের জন্য কাজ করে।" সীতা দেবী কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি বলেও জানিয়েছেন শুভেন্দু।
















