মেঘলা আকাশে দৃশ্যমানতার অভাব, খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার। ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেবক রোডের দিকে। দুপুরে একটা নাগাদ শিলিগুড়ি কাছে শুভেন্দু অধিকারীর কপ্টারের অবতরণ করানো হয়। মনে করা হচ্ছে উত্তরকন্যা থেকেই কালিম্পং সংক্রান্ত বৈঠক করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পাহাড়ের দুর্যোগ পরিস্থিতির সতর্কতার মাঝেই মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে বিশেষ বৈঠক করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা থেকে নির্ধারিত সময়মতো রওনা দিলেও বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে আকাশপথে কালিম্পংয়ের যেতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে সমস্যায় পড়ল মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি পাইলট রোড পরিবর্তন করে ফের শিলিগুড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। আপাতত সেখানেই নেমেছে শুভেন্দুর চপার। জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ ভার্চুয়ালি কালিম্পং টাউন হলে আয়োজিত বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীর জন্য নানা সামাজিক প্রকল্পের কথাও ঘোষণা করা হতে পারে। এছাড়া রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এরপর বিকেল চারটে নাগাদ উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পাহাড়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন শুভেন্দু। সবকটি কর্মসূচিই কিছুটা দেরিতে শুরু হতে পারে, তবে আপাতত কোনটাই বাতিল হচ্ছে না।

হাওয়া অফিস (Weather Department) আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপরই জেলা প্রশাসনের নির্দেশ মতো সব সতর্কতা অবলম্বন করে কালিম্পঙে অনুষ্ঠানস্থলের কাছে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু এদিন ঘন কুয়াশা থাকায় মুখ্যমন্ত্রীর চপার অবতরণ করানোর ঝুঁকি নেননি পাইলট। ফের শিলিগুড়ির পথে ফিরে যায় হেলিকপ্টার। আপাতত শুভেন্দুর কালিম্পং সফর বাতিল। তবে কর্মসূচি বাতিল হচ্ছে না। এদিন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, ‘‘মুখ্যমন্ত্রী আসবেন বলে এখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। আমরা সকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আজ এত কুয়াশা যে তাঁর চপার অবতরণ করানো সম্ভব হয়নি। শিলিগুড়ি থেকে দুপুর দেড়টা নাগাদ ভারচুয়ালি কালিম্পংবাসীর সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানের পরিকল্পনা যেমন ছিল, তেমনই আছে। শুধু তাঁর সশরীরে আসার কথা ছিল, তার বদলে ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকবেন।”