সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মিডিয়ার অলক্ষ্যে শনিবার সন্ধ্যায় গিয়েছিলেন আলিপুরের একটি বেসেরকারি হাসপাতালে। যদিও কিছুক্ষণের মধ্যেই খবরটি প্রকাশ্যে চলে আসে। জানতে পারেন, হঠাৎ কেন হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী আলিপুরের হাসপাতালে যান। অসুস্থ হয়ে সেখানে ভর্তি রয়েছেন মীরা ভট্টাচার্য। তাঁকে দেখতেই যাওয়া। সোজা তাঁর কেবিনে চলে গিয়ে মিনিট তিনেক কথা বলেন। কেমন আছেন জানতে চান। শরীরের একটু খেয়াল রাখতে হবে, সেটাও বলেন। মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় চোখের জল ধরে রাখতে পারেননি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী। হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেমন আছেন মীরা? বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে বলেন, যা বলার চিকিৎসকরা বলবেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই প্রাক্তনের বাড়িতে নিরাপত্তা ফিরিয়ে দেন। এখন চিকিৎসারও দেখভাল করছেন। পেটে তীব্র যন্ত্রনা নিয়ে শুক্রবার দুপুরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৭৬ বছরের মীরা। বিগত কয়েক সপ্তাহ ধরেই যন্ত্রনা হচ্ছিল। ভর্তি হওয়ার পর মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। ওই মেডিক্যাল বোর্ডে রয়েছেন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা: সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা: শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডা: সেমন্তী চক্রবর্তী।
কেমন আছেন আজ মীরা? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নানা পরীক্ষা চলছে। ব্যথা কমেছে। মূল কারণ সময়ে না খাওয়া এবং অল্প খাওয়া। আগামী ৪৮ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ইতিমধ্যে কোলোনোস্কোপি ও রক্ত পরীক্ষা করা হয়েছে। আজ আরও কয়েকটি পরীক্ষা হতে পারে।
















