নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির (NEET Scam) জেরে দেশ জুড়ে যখন আন্দোলন প্রতিবাদের ঝড়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব ছাত্র-যুবরা, আন্দোলনের চাপে পদত্যাগ করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, সেই আবহে এবার ডবল ইঞ্জিন রাজ্য বাংলায় নিট-ইউজি (NEET UG) উত্তীর্ণ বাংলার কৃতিদের সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার (Govt of West Bengal)। মঙ্গলবার নবান্ন (Nabanna) সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং তার জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের আঁচ এসে পড়েছিল কলকাতাতেও। শুক্রবার আরশোলাদের আন্দোলন হয়। সেখানেই প্রতিবাদীদের ওপর গুন্ডা দমন আইন প্রয়োগ করে আটক-গ্রেফতার করেছে শুভেন্দুর পুলিশ। সিজেপি (CJP ) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মঙ্গলবারের (২৮ জুলাই) মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে তারা নতুন করে আন্দোলন শুরু করবে। ইতিমধ্যেই বিহার সরকার প্রতিবাদীদের বিরুদ্ধে দায়ের হওয়ার সব মামলা প্রত্যাহার করেছে। বাংলাতেও সেই একই পদক্ষেপ করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে। তবে সরকারি তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নিট উত্তীর্ণদের বাংলার বিজেপি সরকারের তরফে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের তরফে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমতুল পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়ার প্রচলন আছে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার কৃতিদের সেভাবে কখনও সম্মানিত করা হয়নি। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতর থেকে বাংলার এবারের প্রথম ১০০ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের হাতের ল্যাপটপ তুলে দেওয়া হবে বলেও জানা গেছে। এদিন আরও দু’টি সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। একটি রাজ‍্য পুলিশের কর্মসূচি যা হবে ভবানীভবনে। পাশাপাশি আরও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মিলনমেলায়ও যাবেন মুখ্যমন্ত্রী।