উৎসবের মরশুম আসতে আর মাত্র মাস দেড়েক বাকি। ঢাকে কাঠি পড়ার প্রস্তুতির মাঝেই দেশ জুড়ে গ্যাসের দাম বৃদ্ধির খবর। তাহলে কি হোটেল রেস্তোঁরাতে খাবারের দাম বাড়বে? গত দু মাস ধরে লাগাতার বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবার পয়লা সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে সিলিন্ডার পিছু ৯.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। যদিও গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ২ হাজার ৮৮২ টাকা।
প্রতিমাসের প্রথম দিন রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন হয়ে থাকে। সেই মতো পয়লা সেপ্টেম্বর থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হচ্ছে। দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম হল ২ হাজার ৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২ হাজার ৯০৬ টাকা। গত অগাস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২০৫ টাকা কমেছিল, দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মঙ্গলবার সাড়ে ৯ টাকা দাম বাড়ার পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়।
গ্যাসের দাম বৃদ্ধি বা কম হওয়ার সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় লাগাতার বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। ভারত অবশ্য হরমুজ নির্ভরশীলতা কমিয়ে বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা একেবারেই থেমে যায়নি। যার ফলে সেপ্টেম্বরে ফের গ্যাসের দাম বাড়লো। যেহেতু বাণিজ্যিক গ্যাস হোটেল, রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেই কারণে এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি প্রক্রিয়াজাত খাবারের উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাতে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ফের মধ্যবিত্তের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা।
















