বেশ কয়েক মাস ধরে চড়া দামে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (commercial LPG cylinder price) কিনতে হচ্ছিল ব্যবসায়ীদের। এবার খানিকটা স্বস্তি মিলল। তেল সংস্থাগুলোর তরফ থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ ১ জুলাই (বুধবার) থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে। গত কয়েক মাস ধরে ইরান- আমেরিকার সংঘর্ষের জেরে জোগানের ঘাটতি থাকায় তার সরাসরি প্রভাব পড়েছিল গ্যাসের দামে। হু হু করে বেড়ে গেছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। অবশেষে ১৭৪ টাকা করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম কমার ঘোষণা করা হয়েছে।
ছোট বড় হোটেল রেস্তোরাতে বাণিজ্যিক গ্যাসের জোগান কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত দাম দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছিল ব্যবসায়ীদের। তাও সময়মতো মিলছিল না। একটা সময় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পৌছে গেছিল ৩২৫৫ টাকা ৫০ পয়সায়। মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। তবে এবার ১৭৪ টাকা দাম কমে জুলাই মাসের প্রথম দিন থেকেই কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৩০৮১ টাকা ৫০ পয়সা। যদিও গৃহস্থালির ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোন পরিবর্তন হচ্ছে না। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকাই থাকছে। অর্থাৎ মধ্যবিত্তের রান্না ঘরের বাজেটে আপাতত বদল আসার সম্ভাবনা কম।
















