শুক্রবার সকাল থেকেই জল-যন্ত্রণার চেনা ছবি তিলোত্তমায়। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, যার জেরে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। কলকাতা ও আশপাশের নিচু একালাগুলিতে জল জমে ব্যাহত যান চলাচল। অন্য দিকে শহরের বেশ কিছু জায়গাতেই দেখা গিয়েছে যানজটের ছবিও। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, উল্টোডাঙা আন্ডারপাস, বালিগঞ্জ ও ঢাকুরিয়াসহ বিভিন্ন নিচু এলাকায় জল জমায় যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়েছে ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ও চিত্তরঞ্জন অ্যাভিনিউ-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। কোথাও কোথাও আধ ঘণ্টার পথ পেরোতে সময় লাগছে দেড় থেকে দু’ঘণ্টা। 

অন্যদিকে, সাঁতরাগাছি ও দ্বিতীয় হুগলি সেতুতেও দীর্ঘ যানজটের ছবি দেখা যায়। সাঁতরাগাছিতে রাস্তার বেহাল অবস্থা ও নতুন রেলসেতুর নির্মাণকাজের জেরে সমস্যা আরও বেড়েছে। হাওড়া থেকে কলকাতামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্রেকডাউন ভ্যান ও ট্র্যাফিক পুলিশ কাজ শুরু করেছে। বৃষ্টির কারণে বাসের সংখ্যা কম থাকায় নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। অনেকেই দীর্ঘক্ষণ বাসের অপেক্ষা করে শেষ পর্যন্ত হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। কিন্তু সেখানে উপচে পড়া ভিড়। অন্যদিকে, বর্ষামুখর দিনে অ্যাপক্যাবের ভাড়াও মাত্রাছাড়া ফলে হেনস্থার শিকার যাত্রীরা।