কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলের (Mid-day Meal) দায়িত্ব ইসকনের (ISKCON) হাতে তুলে দেওয়ার সরকারি ঘোষণাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ডিম বাদ পড়ার আশঙ্কা এবং মিড-ডে মিলের সঙ্গে যুক্ত বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলার কর্মসংস্থান নিয়ে উদ্বেগের মধ্যেই রাজ্য আদালতে জানায়, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরপরই সরকারের অবস্থান হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেয় আদালত।

বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Chief Justice Tapobrata Chakraborty) ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের (Justice Partha Sarathi Chatterjee) ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র (Advocate General Surajit Nath Mitra) আদালতকে জানান, কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখনও কেবল প্রস্তাবের স্তরেই রয়েছে। এ বিষয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই তিনি জানান। এর পরেই ডিভিশন বেঞ্চ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়।

গত ২২ জুন বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister Swapan Dasgupta) কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেন। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Chief Minister Suvendu Adhikari) একই ঘোষণা করেন। এরপর থেকেই ছাত্রছাত্রীদের খাবারের তালিকা থেকে ডিম বাদ পড়ার সম্ভাবনা এবং বর্তমানে মিড-ডে মিল রান্না ও পরিবেশনের কাজে যুক্ত বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলার কর্মসংস্থান নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Lawyer Kalyan Banerjee) আদালতে দাবি করেন, সরকার যদি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে থাকে, তবে সেই অবস্থান হলফনামা দিয়ে জানানো হোক। একইসঙ্গে আদালত নির্দেশ দেয়, ছয় সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এর মধ্যে রাজ্য যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে তা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আদালতের নজরে আনার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।