ডার্ক ওয়েবে (Dark Web) ফাঁস হয়ে গেল ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের (Largest Nuclear Power Plant) হাজার হাজার গোপন নথি। তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের (Kudankulam Nuclear Power Project in Tamil Nadu) প্রায় ১৯ হাজার সংবেদনশীল ফাইল লিক করেছে র‍্যানসমওয়্যার গোষ্ঠী ‘ওয়ার্ল্ড লিকস’ (Ransomware group ‘World Leaks’)। ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রকল্পের নকশা, অবকাঠামো, যন্ত্রাংশ এবং নিরাপত্তা সংক্রান্ত নথিও রয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার জেরে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু পরিকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team)।

‘ওয়ার্ল্ড লিকস’ এর দাবি, র‍্যানসমওয়্যার হামলার মাধ্যমে কুদানকুলাম পরমাণু প্রকল্পের ঠিকাদার সংস্থা অনিল আম্বানির রিলায়েন্স এডিএজি-র (Anil Ambani's Reliance ADAG) একটি সার্ভারে সাইবার অনুপ্রবেশ চালিয়েই তারা এই তথ্য সংগ্রহ করেছে। ফাঁস হওয়া নথিগুলির মধ্যে পরমাণু কেন্দ্রের বিভিন্ন অংশের স্থাপনার নকশা, অভ্যন্তরীণ ব্যবস্থাপনার তথ্য, যন্ত্রাংশের প্রযুক্তিগত বিবরণ, সরবরাহকারী সংস্থাগুলির তথ্য এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক নথি রয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ওয়ার্ল্ড লিকসের ওয়েবসাইটে (Website) রিলায়েন্স সংক্রান্ত প্রায় ৮ লক্ষ ৫৮ হাজার ফাইল প্রকাশ করা হয়েছে বলেও জানা গিয়েছে, যার মধ্যে প্রায় ১৯ হাজার নথিকে অত্যন্ত সংবেদনশীল বলে দাবি করা হয়েছে।

এদিকে রিলায়েন্স এডিএজি তাদের ডেটার আংশিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা স্বীকার করেছে। সংস্থার বক্তব্য, ডেটা সেন্টারের পক্ষ থেকে তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ইয়োট্টা’র (Yotta) পরিচালিত একটি সার্ভারে এই নিরাপত্তা ভাঙনের ঘটনা ঘটে। বিষয়টি ইতিমধ্যেই সরকারকে জানানো হয়েছে বলে সংস্থা জানিয়েছে। তবে ঠিক কোন কোন তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনাকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ (NTI) এর সিনিয়র ডিরেক্টর নিকোলাস রথ (Senior Director Nicholas Roth)। তাঁর মতে, পরমাণু কেন্দ্র সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিটের স্থাপনা নকশা ও নির্মাণের দায়িত্ব ২০১৮ সালে পায় অনিল আম্বানির রিলায়েন্স এডিএজি। ২০২৭ সালে এই দুটি ইউনিট চালু হলে অতিরিক্ত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। তার আগেই এই তথ্য ফাঁসের ঘটনা দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড লিকস’ এর আগেও নাইকি এবং টাটা গ্রুপসহ একাধিক বড় সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার জন্য পরিচিত।