অনলাইন ডেলিভারি পরিষেবা (Online delivery service) ঘিরে গ্রাহক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেপ্টোর (Zepto) এক ডেলিভারি পার্টনারের (Delivery Partner) বিরুদ্ধে এক তরুণী হেনস্থা ও অস্বস্তিকর আচরণের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও পোস্ট করেছেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইন ডেলিভারি পরিষেবায় নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তরুণীর অভিযোগ, অর্ডারটি তাঁকে দেওয়ার পর ডেলিভারি পার্টনার প্রথমে জল চান। তিনি একটি বোতলে জল দিয়ে সেটি নিয়ে চলে যেতে বলেন। কিন্তু কিছু সময় পর ওই ব্যক্তি আবার ফিরে এসে আরও জল চান। এরপর বাড়ির ভিতরে কয়েক মিনিট বসতে দেওয়ার অনুরোধ করেন। তরুণীর দাবি, তিনি একাধিকবার জানিয়ে দেন যে ঘরের ভিতরে বসতে দেওয়া সম্ভব নয়, চাইলে বাইরে অপেক্ষা করতে পারেন। অভিযোগ, এতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং তিনি গেট বন্ধ করে দিলে বারবার কলিং বেল বাজানো হয় এবং বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।

ঘটনার পর জেপ্টোর কাছে তদন্তের আবেদন জানান অভিযোগকারী। তাঁর অভিযোগ, অ্যাপের মাধ্যমে বিষয়টি জানানো হলেও কেবল রবোটিক একটা মেসেজের মাধ্যমে তদন্তের আশ্বাস দেওয়া একটি বার্তা পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ডেলিভারি কর্মীদের পরিচয় যাচাই, অপরাধমূলক রেকর্ড পরীক্ষা এবং নিয়োগের আগে আরও কঠোর স্ক্রিনিংয়ের দাবি তুলেছেন। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ডেলিভারি কর্মীদের বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শও দিয়েছেন।

বিতর্কের জেরে জেপ্টো প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন অভিজ্ঞতা কোনও গ্রাহকেরই হওয়া উচিত নয়। বিষয়টির দ্রুত তদন্তের জন্য অভিযোগকারী তরুণীর কাছ থেকে অর্ডারের বিবরণ ও যোগাযোগের তথ্য চাওয়া হয়েছে। সংস্থার দাবি, সমস্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।