এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা। হাওড়ার দক্ষিণ ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আদিত্য সামন্তর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং লক্ষাধিক টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ উঠল। অভিযোগকারী নিজেও বিজেপির এক কর্মী।

অভিযোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে আদিত্য সামন্ত তাঁকে বিয়ের আশ্বাস দেন। সেই বিশ্বাসে তিনি অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়ান। পরে ব্যবসার প্রয়োজনে বলে তাঁর কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা এবং সোনার গয়না নেন আদিত্য। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তিনি যোগাযোগ এড়াতে শুরু করেন। বিয়ের কথা তুললেই হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই নারী। এই ঘটনায় সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বিজেপি সংগঠনের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের একাংশের দাবি, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এই বিষয়ে আদিত্য সামন্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে অভিযোগকারীর আরও দাবি, তাঁর মতো আরও একাধিক নারীর সঙ্গেও একই কায়দায় প্রতারণা করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।