শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা। জোর করে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)! কোর্টের নির্দেশ মেনে তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। সিজেপির (CJP) আন্দোলনকারীদের অভিযোগ অনশন মঞ্চ ভেঙে দিয়ে রীতিমতো লাঠিচার্জ করা হয়েছে। অনশনস্থল থেকে সোনমকে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), যেখানে পুলিশ ও আন্দোলনকারীদের বাদানুবাদের ছবি ধরা পড়েছে। 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijit Deepke) রাজধানীর পুলিশের দমন পীড়ন নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনের ২১তম দিনে ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আদালত আগেই জানিয়েছিল যে কোনও নাগরিকের সুস্থতা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে প্রশাসনকে সমাজকর্মীর চিকিৎসার ব্যবস্থা করা নির্দেশও দেওয়া হয়েছিল। সেই মতোই আজ সোনমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি প্রশাসনের। আজ ধর্নাস্থলে কী হয়েছে তা নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি (DCP) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, " হাইকোর্টের নির্দেশ মেনে এবং চিকিৎসকদের বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী, সোনম ওয়াংচুকের ক্রমাগত অবনতিশীল স্বাস্থ্যের কথা মাথায় রেখে জরুরি চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশ পালন করার সময়েই আন্দোলনকারীরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, যার ফলে সেখানে সামান্য বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পুলিশ অত্যন্ত সংযম দেখিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি নিরাপদভাবে সম্পন্ন করেছে। আমরা যন্তর মন্তরের প্রতিবাদীদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে এই জায়গাটি খালি করে দেন।"

সিজেপির তরফে অভিযোগ করে বলা হয়েছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিতকে মারধর করেছে দিল্লি পুলিশ। ককরোজ পার্টির মুখপাত্র সৌরভ দাস (Sourav Das) জানান, অভিজিতের গায়ে হাত তোলা হয়েছে, পাশাপাশি প্রতিবাদী পড়ুয়াদের ওপর নির্বিচারের লাঠিচার্জও করেছে উর্দিধারীরা। CJP- র প্রতিষ্ঠাতার কথায়, "পুলিশেরই এক ভেতরের সূত্রের মারফত আমি খবর পেয়েছিলাম। তাই কয়েকদিন আগেই আমি সতর্ক করেছিলাম যে, আন্দোলনকে নষ্ট করতে যন্তর মন্তরে লোক পাঠানো হবে।সোনম স্যারের যদি কিছু হয়ে যায়, তবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সরকার। কারণ যন্তর মন্তরের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ধূলিসাৎ করার একটা স্পষ্ট চাল তৈরি করা হয়েছে।" ওয়াংচুক এখন কেমন আছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য মেলেনি।