নির্বিঘ্নে এলপিজি সিলিন্ডার (Domestic LPG Cylinder) পেতে গ্যাস সংযোগের ই-কেওয়াইসি (e-KYC) করার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছিল গ্যাসের অফিসগুলিতে। অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে গৃহস্থকে প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে হয় অনলাইনে সংযোগ করার চেষ্টা, না হলে অফলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল দিনের পর দিন। তবে এবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রের খবর, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল গ্রাহকদের ডোমেস্টিক গ্যাস-সংযোগের ই-কেওয়াইসি (eKYC) প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা। তবেই প্রথম নয়, গত দু'মাসের অন্তত চারবার এই সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছে সংস্থা। যেহেতু এখনও পর্যন্ত একটা বড় অংশের গ্রাহকদের এই প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেই কারণে আরও এক সপ্তাহ সময় দেওয়া হল।
গত কয়েক বছরে গৃহস্থের জন্য নির্ধারিত সিলিন্ডার বেআইনিভাবে হোটেল রেস্তোরাঁয় ব্যবহারের অভিযোগ উঠতেই তিন বছর আগে উজ্জ্বলা এবং বাকি ডোমেস্টিক গ্রাহকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেয় তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা।মাসখানেক আগেও কম-বেশি ২০ শতাংশ গ্রাহকের এই প্রক্রিয়া সম্পূর্ণ করা ছিল না। সোমবার পর্যন্ত সর্বশেষ সময়সীমা থাকলেও ৩১ অগাস্ট সন্ধ্যায় ইন্ডেনের (Indane Gas) সূত্রে জানা যায় আগামী ৭ তারিখ পর্যন্ত ই কেওয়াইসি সংযোগ করা যাবে। এখনও পর্যন্ত ইন্ডেন গ্যাসের প্রায় ৮৬ শতাংশ এবং এইচপি গ্যাসের প্রায় ৯২ শতাংশ গৃহস্থ গ্রাহকের ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
















