জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল ইডি। ১১৪ পাতার এই চার্জশিটে শান্তনুর বিরুদ্ধে দুর্নীতি করে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ২৬ জন সাক্ষীর বয়ানও নথিবদ্ধ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, জমি মাফিয়া সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যোগসাজশ ছিল এই পুলিশ কর্তার। তিনজনে আঁতাত করে কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করতেন। জমির মালিকদের ভয় দেখাতে ও হেনস্থা করতে শান্তনু নিজের পদের প্রভাব খাটাতেন, উল্টে মালিকদের নামেই থানায় অভিযোগ দায়ের করাতেন। ইডির দাবি, এই চক্রটি জমি দখল করে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে, যার মধ্যে জয়ের বিরুদ্ধে ৪৭ কোটি এবং শান্তনুর বিরুদ্ধে ৩ কোটি টাকার দুর্নীতির খতিয়ান মিলেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, জয় কামদার এবং শান্তনুর মোবাইল চ্যাট থেকেই যোগসূত্রের প্রমাণ মিলেছে। চলতি বছরের শুরুতে কাঁকুলিয়া কাণ্ডের পর সোনা পাপ্পুর নাম জড়াতেই তদন্তে নামে ইডি। শান্তনুর ফার্ন রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়। বালি পাচার এবং জমি দখল— দুই মামলাতেই নাম জড়ানোর পর লুক আউট সার্কুলার জারির পর গত ১৪ মে দীর্ঘ ১০ ঘণ্টা জেরা শেষে গ্রেফতার করে ইডি। বর্তমানে শান্তনু, জয় ও সোনা পাপ্পু— তিনজনেই জেল হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবারের মধ্যে সোনা পাপ্পুর বিরুদ্ধেও চার্জশিট জমা দিতে চলেছে ইডি।