রাতভর জিজ্ঞাসাবাদে পর তৃণমূল সাংসদ নাদিমুল হকের পার্ক সার্কাসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি (ED) আধিকারিকরা। সাংসদের সংবাদপত্র অফিসের আড়ালে অন্তত ৬০ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ পেয়ে সোমবার সকাল থেকে শুরু করে তল্লাশি জিজ্ঞাসাবাদ পর্ব সেরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ বেরিয়ে যান ইডি আধিকারিকরা। রাঁচি, দিল্লি, কলকাতা-সহ ৭ জায়গায় চলে অভিযান। বেশকিছু নথি এবং সাংসদের মোবাইল বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পার্ক সার্কাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকে একটি উর্দু সংবাদপত্রের অফিস রয়েছে। সেখানেই বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ জমা পরে বিধাননগর থানায় (Bidhannagar Police Station)। তদন্তে নেমে সোমবার থেকে টানা ২৪ ঘণ্টা ধরে নাদিমুলের বাড়ি অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, ৬০ কোটি টাকা কাদের অ্যাকাউন্টে আদানপ্রদান হল, হাওয়ালার মাধ্যমে লেনদেন হলো কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজ্যসভার তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাংসদের ৭ ঠিকানায় যখন ED অভিযান শুরু হয় তখন নাদিমুল রাঁচিতে ছিলেন। সোমবার রাতেই তাঁকে কলকাতা নিয়ে আসা হয়। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা যখন পার্ক সার্কাস থেকে বেরিয়ে যায় তখন এই নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। 

ইডির এই অভিযানকে কটাক্ষ করেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। বেলেঘাটার বিধায়ক বলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে এই অভিযান চালানো হয়েছে। নাদিমুলকে জিজ্ঞাসা করা হলে তিনি ইডি তল্লাশি নিয়ে কিছু বলতে চাননি। ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে কারা যুক্ত তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।