আজ একুশে জুলাই উপলক্ষে শহর কলকাতায় তিন বড় রাজনৈতিক কর্মসূচি। এতদিন পর্যন্ত এই দিনটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) ঐতিহাসিক সভা হত ধর্মতলা চত্বরে। কিন্তু পালাবদলের বাংলায় মঙ্গলবার তিন জায়গায় একুশে জুলাই পালন করা হবে। মমতাপন্থী তৃণমূলের কর্মসূচি রয়েছে বিড়লা তারামণ্ডলের কাছে, ঋতব্রতপন্থী বিদ্রোহী বিধায়করা গান্ধী মূর্তির পাদদেশে তাঁদের কর্মসূচির আয়োজন করেছেন। কংগ্রেসের তরফে একুশে জুলাই পালনের মঞ্চ শহিদ মিনারে। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে হাওড়া-শিয়ালদহ চত্বর থেকে ইতিমধ্যেই মিছিল আসতে শুরু করেছে, ফলে স্বাভাবিকভাবেই শহরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা। কর্মব্যস্ত কলকাতায় ট্রাফিক সচল রাখাও বড় চ্যালেঞ্জ লালবাজারের কাছে।

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে জানানো হয়েছে ৩ জায়গার জন্য এক হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। সঙ্গে থাকছে ড্রোন নজরদারি। সেন্ট্রাল ডিভিশন ও সাউথ ডিভিশন -সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার থাকবেন সভাস্থলে। এইচআরএফএস, র‍্যাফের (RAF) পাশাপাশি অশান্তি এড়াতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার জানিয়েছে, সভার কারণে মহানগরীর কোনও রাস্তা বন্ধ করা হবে না। যানজটের চাপ থাকবে। তাই অফিস যাত্রীদের হাতে সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আজ সকাল থেকে দুপুর ১ টার আগে পর্যন্ত হরিশ মুখার্জি দিয়ে পার্ক স্ট্রিটের (Park Street) দিকে গাড়ি যাতায়াত করবে। দুপুর একটার পরে পার্ক স্ট্রিটের দিক থেকে হরিশ মুখার্জির দিকে যান চলাচল করবে। যে সমস্ত রাস্তায় গাড়ির গতি স্লথ হতে পারে সেগুলি হল- মেয়ো রেড, রেড রোড, ডাফরিন রোড, ভিক্টোরিয়ার সামনে ক্যাথিড্রাল রোড ক্রসিং।