ডাবল ইঞ্জিন সরকারের নারী সুরক্ষার ঢাকঢোল পেটানো যে আদতে কতটা ফাঁকা আওয়াজ, তা আরও একবার প্রমাণ করল রাজস্থানের শ্রীগঙ্গানগরের এই ঘটনা। এক ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে টানা পাঁচ দিন ধরে ৩০ জনেরও বেশি দুষ্কৃতী কর্তৃক গণধর্ষণের এক শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষ থেকে বিরোধী দল তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সরকারের বিরুদ্ধে। 

ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। জানা গিয়েছে তাঁকে এক রিকশাচালক শ্রীগঙ্গানগরের একটা হোটেলে পাচার করে দেয়। তার পর থেকে টানা পাঁচ দিন ধরে আলাদা আলাদা হোটেলে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। এবং ৩০ জনেরও বেশি লোক মিলে তার উপরে নির্যাতন চালায়। যন্ত্রণায় ছটফট করলেও তাঁকে ছেড়ে দেওয়া হয়নি বরং মদ খাইয়ে আরও নির্যাতন চালানো হয়। শেষমেশ কোনোভাবে পালিয়ে আসে সে এবং সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। এমনকি এই তথ্যও উঠে আসে কোনো পর্যটন কেন্দ্র না হওয়া সত্ত্বেও প্রশাসনের চোখের সামনে এলাকায় প্রায় দেড়শোটি বেআইনি হোটেল গজিয়ে উঠেছে এবং সেখানে রমরমিয়ে চলে এসব নোংরা কারবার। 

অন্যদিকে এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের অপদার্থতাকে দায়ী করে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেস। অপরাধীদের দ্রুত ফাঁসি বা মৃত্যুদণ্ডের জোরালো দাবি তুলে করণপুরের কংগ্রেস বিধায়ক রূপিন্দর সিং কুন্নার স্পষ্ট জানিয়েছেন যে, এই নরপিশাচদের সমাজে বেঁচে থাকার নূন্যতম অধিকার নেই। কয়েকজনকে গ্রেফতার করে মূল চক্রী রিকশাচালকসহ বাকিদের পাকড়াও করতে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।