ককরোচ জনতা পার্টির (CJP) ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। সংসদের দিকে মিছিল নিয়ে এগোতে গেলে আন্দোলনকারীদের আটকায় দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ (Delhi Police)। এই ঘটনার পরই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির একাধিক এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সংসদমুখী মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে। 

ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, "আজ দিল্লিতে আমাদের যুবক ও ছাত্রদের উপর যে পুলিশি বর্বরতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করছি।" তিনি প্রশ্ন তোলেন, "কেমন সরকার নিজের দেশের ছাত্রদেরই ভয় পায়? কেমন গণতন্ত্রে প্রশ্নের জবাব সংলাপের বদলে লাঠি ও কাঁদানে গ্যাস দিয়ে দেওয়া হয়?" পাশাপাশি তিনি বলেন, প্রতিবাদ কোনও অপরাধ নয় এবং পুলিশি বর্বরতা কখনও সুশাসনের পরিচয় হতে পারে না।

আন্দোলনকারী ছাত্র-যুবদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি এই ঘটনার জবাবদিহি দাবি করেন এবং আন্দোলনকারীদের সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রশংসা করে তাঁদের স্যালুট জানান।