মেসি ম্যাজিক দেখার প্রহর গুনছে বিশ্ব, ইয়ামেলের ধামাকা দেখতে তৈরি স্প্যানিশ অনুরাগীরা - শেষ হাসি কার, শুরু কাউন্ট ডাউন। এবার কলকাতার ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্পেনের (Argentina vs Spain) ফাইনাল খেলা নন্দনের (Nandan) বিরাট স্ক্রিনে দেখানোর বিরল সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার (Govt of West Bengal)! রবিবার আমজনতার এই বিশ্বকাপ দর্শনের সাক্ষী হতে থিয়েটারে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)।
ভারত অংশগ্রহণ করুক বা না করুক বাঙালির কাছে চিরকালই সব খেলার সেরা ফুটবল। তাই চার বছরের অপেক্ষার অবসানে যখন পায়ে পায়ে বিশ্বযুদ্ধ দেখার সুযোগ এসেছে, তখন স্বাস্থ্য বা সময়ের পরোয়া না করে রাত জেগে খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। কলকাতা থেকে ক্যানিং সর্বত্রই একই ছবি। এবার ফাইনাল। আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ এবার ড্রয়িং রুম ছাড়িয়ে সোজা সিনেমা স্ক্রিনে। এই প্রথমবার নন্দনে বিশ্বকাপ দেখার সুযোগ মিলতে চলেছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্য ক্রীড়াপ্রেমী মন্ত্রী আমরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উপস্থিত থাকতে পারেন বেশ কয়েকজন খেলোয়াড় ও সেলিব্রেটিরাও। নবান্ন সূত্রে খবর নন্দনে খেলা দেখানোর বিষয়টি আয়োজনের দায়িত্বে থাকছে রাজ্যের ক্রীড়া দফতর। শুক্রবার দফায় দাফায় মিটিং হয়েছে। নন্দন- অ্যাকাডেমি -রবীন্দ্রসদন চত্বর সাজিয়ে তোলার কাজ চলছে। যেহেতু মধ্যরাতে খেলা তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সিনেমার স্ক্রিন হয়ে যাবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম তাই প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো , উন্মাদনায় মেতে ওঠা সবকিছুর জন্য তৈরি হচ্ছে মহানগরী।
জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে খেলা দেখানোর ব্যবস্থাও করা হচ্ছে। এর জন্য ডিএম-দের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে। আয়োজনে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে প্রতিটি জেলা প্রশাসনকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
















