সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাদের বিরুদ্ধে দায়ের হলেও এফআইআর। অনৈতিকভাবে বিলবোর্ড লাগানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের (Camac Street) ঘাসফুলের পার্টি অফিসে পৌঁছে যায় কলকাতা পুরসভার (KMC) আধিকারিক ও শেক্সপিয়ার থানার অফিসাররা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢোকার চেষ্টা করলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্ডার কপি দেখতে চান। এরপরই শুরু হয় বাদানুবাদ। জোর করে সাংসদের অফিসে ঢোকার চেষ্টা করতে গেলে দলের কর্মী সমর্থকরা বাধা দেন। এরপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার জেরে এবার একসঙ্গে শেক্সপিয়র সরণি থানায় ৩টি মামলা রুজু হয়েছে। এরমধ্যে একটি মামলা দায়ের করেছেন শেক্সপিয়র সরণি থানার এক আধিকারিক, আরেকটি মামলা করেছেন পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station) এক আধিকারিক। এছাড়া কেএমসির (Kolkata Municipal Corporation) তরফেও একটি মামলা করা হয়েছে।
জানা গিয়েছে, অভিষেক ছাড়াও ডেরেক ও'ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মী ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, হিংসাত্মক কার্যকলাপ, পুলিশকর্মীদের মারধর, বেআইনি জমায়েতের অভিযোগ দায়ের করা হয়েছে। এখানেই শেষ নয়, অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা বিজেপির 'দলদাস' হিসেবে কাজ করছে পুলিশ- পুরসভা, এই অভিযোগ তুলে অভিষেক এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করার অনুমতি মিলেছে বলে খবর।
















