দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের তদন্তে গতি আনতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করল 'সিট' (SIT)। মঙ্গলবার দুপুরে রিকনস্ট্রাকশনে সিটের অফিসারদের সঙ্গে ছিল রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির একটি বিশেষজ্ঞ দলও। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের স্বার্থে এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মামলার মূল তিন অভিযুক্ত কবির মোল্লা, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে রেললাইনের ধারের সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জয়পুরকাণ্ডে মাকে খুনের আগে কীভাবে বাবাকে হত্যা! শিউরে ওঠা স্বীকারোক্তি আয়ুষীর

পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে উদ্ধার হওয়া নাবালিকার মৃতদেহের সূত্র ধরে যে রেললাইনের ধারে ধর্ষণের অভিযোগ উঠেছিল, এদিন ঠিক সেই জায়গাতেই অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়।  তিন অভিযুক্ত কবীর, আনন্দ ও দিবাকরকে ঘটনাস্থলে দাঁড় করিয়ে ঘটনার বিবরণ শোনে সিট। তদন্তকারীরা জানতে চান, সেদিন রাতে ঠিক কী ঘটেছিল এবং অপরাধে কার কী ভূমিকা ছিল। গোটা পুনর্নির্মাণ প্রক্রিয়ার সময় স্বচ্ছতা বজায় রাখতে আইনি নিয়ম মেনে দু’জনকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখা হয়েছিল। প্রভাসের এনকাউন্টারের পর কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন পুরো এলাকাটিকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।  ফরেন্সিক দলের সদস্যরা রেললাইনের আশপাশের ঝোপঝাড় এবং মাটি থেকে বেশ কিছু নমুনা খতিয়ে দেখেন ও তা সংগ্রহ করেন।