বিজেপির দলীয় কার্যালয়েই মিলবে বিনামূল্যে চিকিৎসা। শুক্রবার রাতে সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডের দত্তাবাদে (এড ওয়ার্ল্ডের সামনে) উদ্বোধন হল বিজেপির নতুন কার্যালয়ের। উদ্বোধন করেছেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। জানিয়েছেন, এখানে নিয়মিত বসবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোগীদের সুবিধার্থে এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি— দুই ধরনের চিকিৎসারই ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রচুর কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব।

একসময় এই বাংলাতে বিজেপির সাংগঠনিক শক্তি বলতে তেমন কিছুই ছিল না। হাতে গোনা কয়েকজন কর্মী ছাড়া দলীয় পতাকা ধরার মতো লোক মেলাও ছিল দুষ্কর। কিন্তু ছাব্বিশের নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলে সমীকরণ বদলেছে। ঘাসফুল শিবির এখন ক্রমেই কোনঠাসা। রাজ্যজুড়ে পদ্মশিবিরের সংগঠন মজবুত হওয়ার ছবি স্পষ্ট। বিধাননগর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ক্রমশ ডালপালা মেলছে বিজেপির সাংগঠনিক পরিকাঠামো, তৈরি হচ্ছে নতুন নতুন দলীয় কার্যালয়। তবে এটি ব্যতিক্রম। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, "রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আমাদের এই মুহূর্তে পাখির চোখ উন্নয়ন এবং সমাজের সেবা করা আমরা সেই কাজটাই মন দিয়ে করব।" এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার দুই জনপ্রিয় বিজেপি নেতা বিজয় সরকার ও বিশ্বনাথ সরকারসহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব। দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এদিন এলাকার খুদেদের হাতে কিছু পুরস্কারও তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।