রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা। রবিবার (১৬ অগাস্ট ) আয়ুষ্মান দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলায় 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এর ফলে রাজ্যের প্রায় ছয় কোটি মানুষ প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার আওতায় এলেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৮০ লক্ষ পরিবারের চিকিৎসা করা যাবে বলেও জানিয়েছেন শুভেন্দু। 

নতুন প্রকল্পের অধীনে রাজ্যের ১২৪০ টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলবে। দেশজুড়ে ৩৮ হাজার ৬০৪ নেটওয়ার্ক হাসপাতালে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই কার্ডের আওতায় ১৭০০ থেকে বাড়িয়ে ১৯৫০ টি প্যাকেজ করা হয়েছে। পাশাপাশি হাঁটু ও কোমর প্রতিস্থাপনও করা যাবে। এদিন ১০০ অমৃত ফার্মেসি ও ৪৬৭ প্রধানমন্ত্রী জন ঔষধি চালুর এগ্রিমেন্টও করা হয়। চোখের চিকিৎসার জন্য সুদৃষ্টি কর্মসূচীর কথাও জানান মুখ্যমন্ত্রী যেখানে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের প্রায় সাড়ে সাত কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন। বিজেপি সরকারের শাসনকালে বাংলার ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হবেন এবং বাকিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অন্তর্গত হবেন বলে জানান মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তুহিন দুইদিন জানিয়েছেন বেসরকারি হাসপাতালগুলির ক্যাটেগরি বি অনুযায়ী রেট সংক্রান্ত দাবির বিষয়টি নিয়ে সরকার বিবেচনা করবে।