যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) জিবি মিটিংকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের (SFI-ABVP conflict) জেরে তৈরি হওয়া উত্তেজনার পরিস্থিতির পর গেরুয়া রং ও শব্দের সম্মান রক্ষার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রথম সারির এক সংবাদপত্রের শিরোনামে গেরুয়া শব্দের 'অবমাননা' নিয়েও সরব হয়েছিলেন।আর এবার আমজনতার সঙ্গে পা মিলিয়ে বুধবার বিকেলে ‘গেরুয়া সম্মান যাত্রা’য় অংশ নিতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
রাজ্যে পালাবদলে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় চার মাস অতিক্রান্ত। কঠোর হাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন পুলিশ মন্ত্রী। দুর্নীতি থেকে অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ করেছে। তবে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU ) এবিভিপি ও এসএফআই সংঘর্ষের জেরে যেভাবে শিক্ষাঙ্গনে অগ্নিসংযোগ করা ও ভাঙচুর চালানো হয় তাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে আঙুল তুলে 'গেরুয়া তাণ্ডব' শব্দবন্ধের ব্যবহার লক্ষ্য করা গেছে। এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন গেরুয়া রঙের মাহাত্ম্য কোনওভাবেই খাটো করা যাবে না। ঘটনার জল অনেক দূর পর্যন্ত গড়ায়। সম্প্রীতি- ঐতিহ্য - সংহতির বার্তা দিতে চলতি বছর রাখি পূর্ণিমায় যাদবপুরে ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’-এর আয়োজন করা হয়েছিল। এবার ‘গেরুয়া সম্মান যাত্রা’ করতে চলেছেন শুভেন্দু।
কলকাতা পুলিশের (KP) তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন দুপুর তিনটেয় গোলপার্ক থেকে মিছিল শুরু করে শেষ হবে যাদবপুর এইটি বি-তে। ওই সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। রাজ্যের প্রশাসনিক প্রধান যখন রাস্তায় নামছেন ঠিক সেই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ টি মূল গেট বন্ধ করে রাখার বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। প্রাথমিক অনুমান অশান্তি এড়াতেই বাকি সমস্ত গেট বন্ধ করে শুধুমাত্র এক নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকা ও বেরোনোর সুযোগ থাকছে।
















