উপনির্বাচনের নন্দীগ্রাম বিধানসভা (Nandigram Assembly) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। জল্পনা সত্যি করে হাসিরানি রথ (Hasi Rani Rath) নিজেই খবরটিতে সিলমোহর দেন। মঙ্গলবার সকালবেলা রেয়াপাড়ার মন্দিরে পুজো দিয়ে তিনি জানান, বিজেপির (BJP) তরফ থেকে তাঁকে যে গুরুদায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে তা পালন করতে তিনি তৈরি। পাশাপাশি নন্দীগ্রামের মানুষের সব প্রত্যাশা পূরণ হবে বলেও দাবি করেন হাসিরানি। এর কয়েক ঘণ্টা পরেই বিজেপির তরফ থেকে অফিসিয়াল ভাবে তাঁকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করা হয়। রেজিনগর উপনির্বাচনে পদ্মের প্রতীকে লড়বেন শাখারভ সরকার। 

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। মুখ্যমন্ত্রী ছেড়ে আসা আসনটিতে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। অবশেষে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চন্দ্রনাথের মায়ের নাম ঘোষণা করা হয়। জানা গিয়েছে এদিন দুপুরে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে হাসিরানি যখন মনোনয়ন জমা দেবেন তখন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে থাকবেন। আত্মবিশ্বাসী হাসিরানি জানিয়েছেন, তাঁকে দল ভরসা করেছে। সংগঠন সঙ্গে রয়েছে, তাই তিনিই এক লক্ষ দশ হাজার ভোটে জিতবেন। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পবিত্র করকে হারিয়ে, দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন শুভেন্দু। এর পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন তিনি। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয়েছিল সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপ নির্বাচন ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের চেনা গড়ে তাঁরই ঘনিষ্ঠ কেউ লড়াই করবেন বলে, জল্পনা বাড়ছিল। মেঘনাথ পাল, অঞ্জন পালরা প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকলেও মুখ্যমন্ত্রী নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মায়ের পাল্লা ভারী ছিল। মঙ্গলবার সকালে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল সেই জল্পনাতেই সিলমোহর পড়েছে। আজ হলদিয়ার কদমতলায় মুখ্যমন্ত্রীর দলীয় কর্মসূচি রয়েছে। এরপর সেখান থেকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নিয়ে প্রায় দুই কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে যাবেন শুভেন্দু। আজই মনোনয়ন জমা দেবেন হাসিরানি।

অন্যদিকে রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার মুর্শিদাবাদ ও বহরমপুরের পরিচিত পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার উপ নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করায় দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করেছেন শাখারভ। নাম ঘোষণা হতেই তিনি বলেন, 'এত বছরে বাম ও তৃণমূল সরকারের আমলে রেজিনগরে প্রকৃত কোনও উন্নয়নই হয়নি। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে অন্তত একটা করে কলেজ হলেও ভাবতে অবাক লাগে রেজিনগরে এখনও কোনও কলেজ নেই। শিক্ষা, কর্মসংস্থান, সেতু তৈরি থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের দাবিতে মানুষ এবার ভোট দেবেন।' বিজেপির জয়ের ব্যাপারেও আশাবাদী শাখারভ।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর এই দুই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে।