সকালের আলো ভালোভাবে ফুটতে না ফুটতেই কালো মেঘ আর প্রবল বৃষ্টির (Rain) জেরে আঁধার নামলো কলকাতায়। ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কর্মব্যস্ত দিনের সকালে প্রাকৃতিক দুর্যোগে জেরে জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট। অফিস টাইম শুরু হওয়ার আগেই যানজট মহানগরীতে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে মৌসুমী অক্ষরেখার পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখার দাপট থাকায় রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একদিনেই প্রায় ১১০ মিলিলিটার বৃষ্টি হতে পারে! উত্তরের পরিস্থিতি আরও জটিল। দুর্যোগের জেরে বিপর্যস্ত ডুয়ার্স। একাধিক রাস্তায় ধস নামার ফলে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এর মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
















