তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ ( A/C Freeze) মামলায় বড় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। অ্যাকাউন্ট (Account) ব্যবহারে অনুমোদন দেওয়া হল মমতা-পন্থী তৃণমূলকে (TMC)। বৃহস্পতিবার, মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন স্পেশাল অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় কাজে ওই অ্যাকাউন্টের টাকা খরচ করা যাবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে (Subrata Talukdar) স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই নিযুক্ত থাকবেন। মামলার ২১ সেপ্টেম্বর এই পরবর্তী শুনানি।
গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, বড় ধরনের সাইবার প্রতারণার টাকা কিছু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে। সেখানে তৃণমূলের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। পরের দিন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তিনটি অ্যাকাউন্টের ডেবিট ‘Freeze’ অর্থাৎ টাকা তোলা বন্ধ করার জন্য বলে পুলিশ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টের মামলা করে মমতাপন্থী তৃণমূল। সেখানে জানানো হয়, ওই তিনটি অ্যাকাউন্ট থেকে কর্মীদের বেতন, অফিসের খরচ, বিদ্যুতের বিল দেওয়া হয়। মেটানো হয় রাজনৈতিক কর্মসূচির খরচও।
এদিন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। বুধবার ইডি যে Account ফ্রিজ করেছে, তার সঙ্গে এই অ্যাকাউন্টের কোনও সম্পর্ক নেই। শুনানিতে তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে আদালত। নির্দেশ দেয়, প্রয়োজনীয় কাজে ওই অ্যাকাউন্টের টাকা খরচ করা যাবে। যেকোন দুজন যাঁরা সই করতে অনুমোদিত তাঁরাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে। কাউন্টার সই করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্টে জানিয়েছে, আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন।
আদালত এখনও বিস্তারিত এমন কোনও তথ্য পায়নি, যার জন্য অ্যাকাউন্ট ফ্রিজের মতো কোনও পদক্ষেপ করা যায়। এই সংক্রান্ত তথ্য পেলে সেটা বিবেচনা করা হবে। ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
















