বাংলায় এখন বিজেপি সরকার। 'আমূল' পরিবর্তনের পথে আরও একধাপ এগোলো পশ্চিমবঙ্গ, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। হাওড়ার (Howrah) সাঁকরাইল ফুডপার্কে বিশ্বমানের ডেয়ারি প্রকল্প আমূল বাংলা ডেয়ারি (Amul Dairy Plant) তৈরি হচ্ছে। রবিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মেগা প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে মিষ্টি দই দিয়ে মিষ্টিমুখ করিয়ে বঙ্গজয়ের উপহার দেওয়া হল।

প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে হাওড়াতে যে প্ল্যান্ট তৈরি হবে সেখানে দুগ্ধজাত সমস্ত পণ্য মিলবে। দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বাংলার মিষ্টি দই। অসংখ্য কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠতে চলেছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন উৎপাদন কেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ সম্ভব হবে। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে (Biswabangla Convention Centre) আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বঙ্গজয়ের পর এটা সবথেকে বড় শিল্প প্রকল্প। এটাই মোদিজীর উপহার। এখানকার মিষ্টি দই খেয়ে গোটা দেশের মানুষ আমাদের আশীর্বাদ করবেন।' এদিন পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে শাহ বলেন, বাংলার শিল্প সংস্কৃতির ধারাবাহিকতাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে বিগত সরকার। কিন্তু বিজেপি বাংলার প্রতি শ্রদ্ধাশীল। শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) প্রশংসা করে তিনি বলেন যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী কাজ করছেন, তাতে ইতিমধ্যেই রাজ্যের উন্নতি ছবিটা ধরা পড়েছে। এবার সত্যি সত্যি এই বাংলা 'সোনার বাংলা' হয়ে উঠবে।