তিন দিনের সফরে রাজ্যে এসে রবিবার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক জাদুঘর শব্দলোকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। এদিন সকালে 'সৌজন্য'তে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক সেরে দুপুর আড়াইটা নাগাদ ন্যাশানাল লাইব্রেরীতে পৌঁছে যান শাহ। ঘুরে দেখেন ঐতিহ্যশালীর গ্রন্থাগার। এরপর মিউজিয়াম অফ ওয়ার্ডস বা শব্দ সংগ্রহশালার উদ্বোধন করেন। রয়েছেন গ্রন্থাগারমন্ত্রীও।
এদিন শব্দলোকের ৬টি গ্যালারি ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। অডিও ভিসুয়াল উপস্থাপনার মাধ্যমে মিউজিয়াম অফ ওয়ার্ডস তুলে ধরা হয়েছে। ভারতের বহুভাষিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাকে সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্যে জাদুঘরটি নির্মিত হয়েছে। ২০২০ সালে এই জাদুঘরের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ প্রথম পর্যায়ের উদ্বোধন হল। বিভিন্ন লিপি এবং সাহিত্যিক ঐতিহ্যের মৌখিক ও লিখিত বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানাতে ২২ টি ভাষার তথ্য মিলবে এই জাদুঘরে। বেলভেডিয়ার হাউসের প্রথম ও দ্বিতীয় তলের একটা অংশ জুড়ে শব্দলোকের প্রথম পর্যায়ে গড়ে উঠেছে। সংস্কৃতি মন্ত্রকের অধীনে জাতীয় গ্রন্থাগারে প্রায় ১৪ কোটি টাকা খরচ করে এই পর্যায়ের কাজ হয়েছে। সম্পূর্ণ প্রকল্পের জন্য খরচ হবে ৪১ কোটি টাকা।
















