মন্দিরে পুজো দেওয়ার নাম করে ডেকে এনে স্বামীকে খুন! ষড়যন্ত্র করে এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণী ও তার প্রেমিককে। গ্রেফতার করা হয়েছে প্রেমিকের এক সহযোগীকেও। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের চিত্তুর জেলায়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন মন্দিরে যাওয়ার নাম করে স্বামীকে বাড়ি থেকে বের করেন অভিযুক্ত স্ত্রী। তবে এটি ছিল একটি সাজানো ফাঁদ। যেতে যেতে তিনি মোবাইল ফোনের মাধ্যমে অনবরত তাঁর প্রেমিককে ‘লাইভ লোকেশন’ পাঠাতে থাকেন। একটি নির্দিষ্ট নির্জন জায়গায় পৌঁছানোর পর, স্ত্রী নিজের হাতের ব্যাগ নাড়িয়ে প্রেমিক ও তার সহযোগীকে হামলার চূড়ান্ত সংকেত দেন। সংকেত পাওয়া মাত্রই ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই তাঁকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় তাঁরা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়। মৃত ব্যক্তির স্ত্রীর বয়ানে অসঙ্গতি থাকায় তাঁর মোবাইল ফোনটি পরীক্ষা করা হয়। এরপরই মোবাইল ফোনের লাইভ লোকেশন হিস্ট্রি, কল রেকর্ড এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণের সূত্র ধরে চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের কিনারা করে পুলিশ।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মূল অভিযুক্ত স্ত্রী, তাঁর প্রেমিক এবং অপর সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে আর কোনো উদ্দেশ্য বা অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
















