অভয়া কাণ্ডের দু'বছর পার, রবিবার (৯ অগাস্ট) সকাল ১১ টা থেকে ১১:০২ মিনিট পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনের মাধ্যমে আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসক তরুণীকে স্মরণ করলেন ডাক্তার-নার্স থেকে শুরু করে জেলা থেকে শহর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল কর্মীরা। স্বাস্থ্য ভবনে নীরবতা পালন করলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণের আয়োজন হয়। সেখানে স্বরচিত কবিতা পাঠ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। চিৎপুরে আরজি কর হাসপাতালের পাশের বস্তিতে ওয়েস্ট বেঙ্গল 'জুনিয়র ডক্টরস ফ্রন্ট'- এর (JDF) তরফে আয়োজন করা হয়েছে অভয়া ক্লিনিকের (Abhaya Clinic)। সকাল থেকেই সেখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন দিচ্ছেন সংগঠনের চিকিৎসক সদস্যরা। 

সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর মৃত্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য তথা দেশ। সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এসেই অভয়া কেসের ফাইল পুনরায় খুলেছে। কিন্তু প্রকৃত বিচার অধরা অভিযোগ জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের। তাঁদের কথায়, একদিকে যেমন রাত দখল হয়েছে মিছিল হয়েছে পাশাপাশি অভয়া ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিয়ে মৃত চিকিৎসক তরুণীকে স্মরণ করে রাখার এটি একটি প্রচেষ্টা। এদিন আরজি কর হাসপাতালে অভয়ার মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে, ফুল নিবেদন করে সম্মান জানানো হয়। এই প্রথম সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে অভয়া স্মরণ করা হল। সকাল থেকে ১১ টা নাগাদ কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন হাসপাতালে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে চিকিৎসক - নার্স থেকে শুরু করে হাসপাতালে অন্যান্য কর্মীরাও দু মিনিট নীরবতা পালন করেছেন।