তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বপ্ন দেখেছিলেন বাঙালি আইটি কর্মী যাঁরা বেঙ্গালুরু, হায়দরাবাদ চলে গিয়েছেন তাঁদের নিজের রাজ্যে ফিরিয়ে আনবেন। সেই উদ্দেশ্যেই আজে থেকে আট বছর আগে ২০১৮-তে নিউ টাউনের একশন এরিয়া ২-এ ইকো পার্কের পাশে আমেরিকার সিলিকন ভ্যালির ধাঁচে ২৫০ একর জমির উপর আইটি শিল্প তালুকের শিলান্যাস করেন। আর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে গিয়েই সেই ৮ জানুয়ারিতে তৎকালীন আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয় (BabulSupriyo) সাইট ভিজিটে যান এবং ঘোষণা করেন খুব শীঘ্রই এই ক্যাম্পাস উদ্ধোধন হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হওয়া জায়গাতে গিয়েই বৃহস্পতিবার এলঅ্যান্ডটি-র (L &T) তথ্যপ্রযুক্তি কেন্দ্রের নতুন অফিস 'আনন্দ নিকেতন' ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

এদিন নিউটাউনে গিয়ে 'আনন্দ নিকেতন' ক্যাম্পাসের উদ্বোধনে গিয়ে গালভরা প্রতিশ্রুতি শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে বিপুল বিনিয়োগ হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী, তাঁর মন্ত্রিসভা-সহ বিজেপি নেতৃত্ব এমন ভাব দেখাচ্ছে যেন শুভেন্দুই এই শিল্পতালুক তৈরি করেছেন। কিন্তু বাস্তব কী- তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। এদিন বিধানসভায় তথ্য পরিসংখ্যানের ক্রম দেখিয়ে তিনি জানান, মমতাই এই শিল্প স্থাপনের মূল কাণ্ডারী। 

১৩ অগাস্ট, ২০১৮ - নিউ টাউনের একশন এরিয়া ২ এ ইকো পার্কের পাশে আমেরিকার সিলিকন ভ্যালির ধাঁচে ২৫০ একর জমির ওপর আইটি শিল্প তালুক - বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা। 
২০২১ - রাজ্য সরকারের তরফে L&T Infotech-কে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের ভিতর ১৯ একর জমি দেওয়া হয় তাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে। 
২০২২ - L&T Infotech এর সঙ্গে Mindtree সংস্থার সংযোগ হয়- নতুন নামকরণ LTIMindtree। তারাই এই ক্যাম্পাস তৈরি করবে সিদ্ধান্ত হয়। 
৭ সেপ্টেম্বর, ২০২২ - LTIMindtree নতুন সিইও দেবাশিস চট্টোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করেন যে তাঁরা ২৫০০০ অসম বিশিষ্ট নতুন একটি ক্যাম্পাস তৈরি করতে চলেছেন বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে 
৩১ মে, ২০২৩ - পরিবেশগত ছাড়পত্রের জন্য LTIMindtree তরফে আবেদন করা হয়
২০২৩ - সেই বছরই এই ক্যাম্পাসের ভূমিপুজো করা হয় নিউ টাউনের ওই জমিতে 
৮ জানুয়ারি, ২০২৬ - তৎকালীন আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয় এলাকা পরিদর্শনে যান এবং ঘোষণা করেন খুব শীঘ্রই এই ক্যাম্পাস উদ্ধোধন হবে।

 

এদিন সেই LTIMindtree র ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যাঁর নতুন নামকরণ করা হয়েছে 'আনন্দ নিকেতন'। তৃণমূলের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নই বাস্তবায়িত হয়েছে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে বীজ বপন করেছিলেন, পরিচর্যা করেছিলেন তারই ফল দিতে শুরু করছে। আগামিকাল কিছু মানুষ হয়তো কৃতিত্ব চুরি করার চেষ্টা করবে। কিন্তু বাংলার উন্নয়নের প্রতিটি অক্ষরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই লেখা থাকবে।