নির্বাচন সম্পর্কিত একাধিক বিষয় এবং এসআইআর (SIR) নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে (CJI Surya Kant) চিঠি লিখল বিজেপি বিরোধী শিবির I.N.D.I.A ব্লক। দেশের তেইশটি রাজনৈতিক দলের সই রয়েছে সেই চিঠিতে। উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ (AAP) এবং এম কে স্টালিনের দল ডিএমকেও (DMK) । সম্প্রতি এই দুই দল ইন্ডিয়া ব্লকের থেকে দূরত্ব বাড়ানোয় বিরোধী জোটের একতা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক সেই সময়ে এমন ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে যেভাবে বিধানসভা নির্বাচন পূর্ববর্তী বিজেপি বিরোধী রাজ্যগুলিতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, কমিশনকে ব্যবহার করে নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে পদ্মদল তার বিরোধিতায় সরব ইন্ডিয়া জোট।মঙ্গলবার তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের দলগুলি ছাড়াও আপ, ডিএমকে এবং নির্দলীয় সাংসদ কপিল সিবালও প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি লেখেন। চিঠিতে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি দেশ জুড়ে এক নোংরা খেলায় মেতেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও জনতার রায় প্রতিফলিত হয়নি। গণনাকেন্দ্রে বদলে দেওয়া হয়েছে ভোটের ফলাফল। এই মর্মে প্রধান বিচারপতিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান ২৩ দলের প্রতিনিধি। প্রধান বিচারপতি সূর্য কান্তকে লেখা এই দীর্ঘ চিঠিতে বিরোধী ইন্ডিয়া জোট যে আশঙ্কার কথা তুলে ধরেছে, তা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের স্বশাসিত সংস্থাগুলি যে বর্তমানে কেন্দ্রের শাসকদলের ইশারায় চলছে, তা পরিষ্কার। বিজেপির অপশাসনে দেশের স্বশাসিত সংস্থাগুলির নিরপেক্ষতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।
চলতি মাসে দিল্লিতে ইন্ডিয়া শিবিরের বৈঠকে SIR ইস্যু নিয়ে সিজেআইকে চিঠি লেখার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ৮ জুনের সেই বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সপা-সহ মোট ২১টি দল উপস্থিত থাকলেও AAP ও DMK উপস্থিত ছিল না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে টিভিকের সঙ্গে হাত মিলিয়েছে রাহুল গান্ধীর দল তা ভালো ভাবে নেননি স্টালিন। এছাড়া আপের সঙ্গে কংগ্রেসের (Congress) মতানৈক্যের কথা কারোর অজানা নয়। গত লোকসভা নির্বাচনের পর দুই দলের সম্পর্কের ফাটল বড় হয়। এই দুই দল ইন্ডিয়া ব্লকের বৈঠকে না থাকলেও এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তাদের সই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীরা যে একজোট হচ্ছে সেই বার্তা দিতেই দেশের ২৩টি রাজনৈতিক দল ও একজন নির্দল সদস্যের এই পদক্ষেপ।
















