ভারতীয় রেলের (Indian Railways) এক ট্রেনের ফার্স্ট এসি (First AC) কামরাকে আস্ত একটি 'হানিমুন-থিম' স্যুটে সাজানোর ভিডিও এখন তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। তবে এই সাজসজ্জা মোটেও ভালোভাবে নেয়নি রেল কর্তৃপক্ষ। ট্রেনের ভেতর প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল, পাশাপাশি এক রেলকর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি ব্যক্তিগত কেবিন শত শত লাল গোলাপের পাপড়ি, লাল ও সাদা রঙের বেলুন, চমৎকার ফুলের তোড়া এবং বড় বড় অক্ষরে ‘I Love You’ লেখা দিয়ে সাজানো হয়েছে। সাজসজ্জার বহর দেখে বোঝার উপায় ছিল না যে এটি কোনও ট্রেনের কামরা, বরং পুরো কেবিনটি একটি বিলাসবহুল হোটেলের মত দেখাচ্ছিল। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ একে রোমান্টিক বললেও, চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রেন নম্বর ১১০০২ নান্দেডগ্রাম এক্সপ্রেসে (Nandedgram Express) যাত্রা করা এক নবদম্পতিকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ থিম-সজ্জার ব্যবস্থা করা হয়েছিল।
তবে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আসতেই শোরগোল পড়ে যায়। রেলের নিয়মানুযায়ী, চলন্ত ট্রেনের ভেতর যেকোনো ধরণের দাহ্য পদার্থ বা বেলুন ও প্লাস্টিকের সাজসজ্জা নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়াও ট্রেনের কামরার ভেতরে এই ধরণের বাণিজ্যিক বা ব্যক্তিগত সাজসজ্জার কোনও অনুমতি দেওয়া হয় না। কার অনুমতিতে এবং কীভাবে চলন্ত ট্রেনের কামরায় এই বিপুল পরিমাণ সাজসজ্জার সামগ্রী নিয়ে আসা হল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেলওয়ে বিভাগ।
















