বুধবার মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাস বহিরাগতদের তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে এসএফআইয়ের পতাকায় অগ্নিসংযোগ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতাদের নাম করে বিজেপি বিধায়িকার হুমকি, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে এবিভিপি-এসএফআই সংঘর্ষ(ABVP - SFI conflict)- অথচ এতকিছুর পরেও ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! তার পরিবর্তে শুক্রবার দুপুরের মধ্যে তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে।
রাজ্য তথা দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জেরে হিংসার ঘটনায় এসএফআই ও এবিভিপি একে অন্যের দিকে আঙুল তুলেছে। জিবি মিটিং থেকে শুরু হওয়া বচসা রীতিমত উত্তেজনার পরিস্থিতিতে পৌঁছে যায় যেখানে একাধিক আহত হওয়ার খবর মিলেছে। সবথেকে বড় কথা শিল্পাচার্য নন্দলাল বসুর অলংকরণে বাঙ্ময় সৃষ্টি যাদবপুরের ফলক পদদলিত, ধুলোয় লুন্ঠিত তিন শিখা। ঐতিহ্যবাহী এমব্লেমের একাংশ ভেঙে ফেলার মতো নিন্দনীয় ঘটনার পরও শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি থানায় কোনওধরণের লিখিত অভিযোগ দায়ের করেনি। বাম ছাত্র সংগঠনের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে সিসিটিভি ফুটেছে যখন স্পষ্টভাবে বহিরাগতদের দেখা গিয়েছে, কারা হামলা চালিয়েছে সেটাও বোঝা গিয়েছে, তারপরও কেন গ্রেফতারি নয়? পুলিশ জানিয়েছে, এমারজেন্সি নম্বর ১০০ ডায়াল করে যাদবপুর থেকে ফোন করাতে বুধবার রাতেই সেখানে পৌঁছে যান উর্দিধারীরা। সেখানে গিয়ে দেখেন অরবিন্দ ভবন সংলগ্ন আশপাশে ভাঙচুরের পাশাপাশি ছোটদের হাতে আঁকা পোস্টার পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ উত্তেজনা চলাকালীন পুলিশের তরফ থেকে সবটা সামনে থেকে দেখা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হলো না কেন, এ প্রশ্নও উঠতে শুরু করেছে।
















