রাজ্যে কি সক্রিয় হয়ে উঠছে জঙ্গি কার্যকলাপ? শুক্রবার সকালে বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডলের (Hamid Mondal) গ্রেফতারির পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজ্য প্রশাসনিক কর্তাদের মুখে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, ধৃত জঙ্গির কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তার থেকে এটা পরিষ্কার যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছিল। তাহলে কি রাজ্যের প্রশাসনিক প্রধানকে টার্গেট করছে জঙ্গিরা? আজ হামিদকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বেঙ্গল এসটিএফ (Bengal STF)।
জানা গিয়েছে ধৃত জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন জইশ ই মহম্মদের (Jaish E Mohammed) সঙ্গে যুক্ত। পাশাপাশি কাশ্মীরের 'সাজ্জাদ ভাট গোষ্ঠী'র সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন হামিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছিলেন। এমনকি সল্টলেকের নিউটাউনেও কিছুদিন ঘাঁটি গেড়েছিল সে। ঠিক কী পরিকল্পনা ছিল তা জানতে ধৃতের মোবাইল, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথি খতিয়ে দেখে হামিদের জঙ্গি নেটওয়ার্কের পরিধি জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, আরও এমন কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গেছে যা পুলিশের উদ্বেগ বাড়িয়েছে। যদিও এই নিয়ে তদন্তকারী অফিসাররা কোনও মন্তব্য করতে নারাজ।
















