বাংলাদেশের এক আন্তর্জাতিক সেমিনারে ভারতের বিকৃত মানচিত্র দেখানোকে নিয়ে দু'দেশে তীব্র বিতর্ক। ঢাকায় আয়োজিত 'সার্ক' সংক্রান্ত একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। 

সেখানে তিনি এমন এক মানচিত্র দেখান, যেখানে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখান হচ্ছিল। তখনই তার প্রতিবাদ করেন ঢাকার ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবেদ ইসলামও উপস্থিত ছিলেন। প্রাক্তন হাইকমিশনারের বক্তব্যের মাঝেই উঠে দাঁড়িয়ে ভারতীয় কূটনীতিক পূজা কুমারী ঝা বলেন, "স্যার আপনি ভুল মানচিত্র দেখাচ্ছেন। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।"  জবাবে করিম এটিকে কেবলই একটি 'প্রতীকী মানচিত্র' বলে দাবি করলেও, পূজা নিজের অবস্থানে অনড় থেকে ভুলটি ধরিয়ে দেন। পরে পূজার পরিচয় পেয়ে করিম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে তিনি এটি মনে রাখবেন। 

তবে এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক স্তরে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক হয়েছে। তবে ভারত সরকার বরাবরই স্পষ্টভাবে জানিয়ে এসেছে যে, পাক অধিকৃত কাশ্মীর-সহ সমগ্র জম্মু-কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ।