চাকরির প্রলোভন দেখিয়ে লুধিয়ানা নিয়ে গিয়ে কিডনি পাচারের অভিযোগ। সল্টলেক থেকে প্রভাস মণ্ডল নামে এক এজেন্টকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ (Bidhannagar Police) । তাঁকে জেরা করে অপর শাগরেদ শাকিলের খোঁজ চালানো হচ্ছে। সল্টলেকে এই ধরনের আর কোনও পাচার চক্র রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত, সল্টলেক দক্ষিণ থানা এলাকার বাসিন্দা মঙ্গল মণ্ডলকে কাজের টোপ দিয়ে তাঁরই পাড়ার প্রতিবেশী প্রভাস মণ্ডল পঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভুল বুঝিয়ে এবং সাড়ে ৩ লক্ষ টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাঁর অজান্তে বা কৌশলে একটি কিডনি বের করে নেওয়া হয়।২০ দিন পর মঙ্গল মণ্ডল সল্টলেকের বাড়িতে ফিরে এলে তাঁর বাবা-মা পেটের বাম দিকে কাটার দাগ দেখতে পান।পুলিশি জেরায় জানা গেছে যে, গ্রেফতার হওয়া মিডলম্যান প্রভাস মণ্ডলের নিজেরও একটি কিডনি নেই। এই চক্রের সঙ্গে আন্তর্জ্য অঙ্গ পাচারকারী সিন্ডিকেট জড়িয়ে আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত প্রভাতকে সাত দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।
















