গার্ডেনরিচ বা মেটিয়াবুরুজের ছাড়াও কলকাতা পুরসভার অন্দরেও তিনি ছিলেন চর্চার কেন্দ্রবিন্দু। তবে রাজনৈতিক কাজের চেয়েও তাঁর লাইফস্টাইলই বরাবর নজর কেড়েছে সাধারণ মানুষেরর। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল। এক সাধারণ কাউন্সিলরের জীবনযাত্রা যে কোনও বলিউড বা টলিউড অভিনেতার চেয়ে কম নয়, তা শামসের সামাজিক মাধ্যমের প্রোফাইল ঘাঁটলেই স্পষ্ট হয়ে যায়। বর্তমানে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ-ঘনিষ্ঠ এই কাউন্সিলরকে। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার গার্ডেনরিচ থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।

কয়েক বছর আগের একটি ঘটনা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিল। একজন সাধারণ জনপ্রতিনিধি হয়েও কলকাতা পুরসভায় একটি চকমকে লাল রঙের 'ফেরারি' গাড়ি চড়ে হাজির হয়েছিলেন শামস। সে সময়ে সেই গাড়ির বাজারমূল্য ছিল প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি। এখানেই শেষ নয়, সূত্রের দাবি— তাঁর বাড়ির গ্যারেজে দেশ-বিদেশের একাধিক বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি সাজানো রয়েছে, যার মোট দাম কয়েকশো কোটি টাকা হতে পারে।
সামাজিক মাধ্যমে শামস ইকবালের ফলোয়ার্স সংখ্যা কোনও প্রতিষ্ঠিত অভিনেতার চেয়ে কম নয়। নিজের এই লার্জার দ্যান লাইফ ইমেজকে তিনি বরাবরই তুলে ধরেছেন নেটপাড়ায়। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো তারকাদের সঙ্গেও তাঁর ছবি রয়েছে প্রোফাইলে। রঙিন দুনিয়ার তারকাদের মতোই তাঁর ওঠাবসা, পোশাকের ব্র্যান্ড এবং চলন-বলনে ছিল আভিজাত্যের ছাপ। স্ত্রীর সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিলাসবহুল ছুটি কাটানোর ছবি প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট করতেন শামস। সেই সব ছবিতে যে জাঁকজমক এবং প্রাচুর্যের ছাপ দেখা যেত, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো।