স্নানযাত্রার পর প্রবল জ্বরে পড়েন জগন্নাথদেব, অবশেষে এক পক্ষকালের শারীরিক অসুস্থতা কাটিয়ে আজ রথযাত্রায় বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাবেন জগতের নাথ। রাজ্যজুড়ে চলছে পুজো, উৎসবের মেজাজ মাহেশ (Mahesh Rathayatra) থেকে মহিষাদল সর্বত্র। রীতি মেনে পুজো শুরু দিঘার জগন্নাথ মন্দিরে। একই ছবি মায়াপুর ইসকনেও (ISCON, Mayapur)। 

রথযাত্রায় লোকারণ্য শ্রীক্ষেত্র পুরী (Puri)। সেখানকার মন্দিরের আদলে তৈরি হওয়া দিঘাতেও (Digha) উৎসবের মেজাজ। দেশ বিদেশের বহু পর্যটক সৈকত নগরীর রথ টান দেখার জন্য ভিড় জমিয়েছেন। প্রায় ৬৩০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রায় মন্দির থেকে সামনের বারান্দায় নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। রীতি মেনে চলছে পুজো।

জিটি রোডের ধারে সুসজ্জিত রথ প্রস্তুত করে রাখা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও বিকেলে রথ টান হবে।

একই ছবি মহিষাদলে। এখানকার রথে শুধু যে জগন্নাথ ভাই-বোনেদের সঙ্গে থাকেন তাই নয়, সঙ্গে অধিষ্ঠান করানো হয় রাজ পরিবারে কুলদেবতাকেও। মায়াপুর ও কলকাতার ইসকন মন্দিরেও চলছে ভক্তিভরে পূজাপাঠ। মায়াপুরে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কলকাতার ইসকন মন্দিরে পৌনে বারোটা নাগাদ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি বৃহস্পতিবার রথ উপলক্ষে কলকাতার একাধিক বড় বড় দুর্গাপুজো কমিটিও খুঁটিপুজোর আয়োজন করেছে। নতুন সভাপতির উপস্থিতিতে সুরুচি সংঘের খুঁটিপুজোয় অংশ নিয়েছেন এলাকাবাসী।