উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর বারুইপুর- দাবি জানিয়ে সোমবার বিকেলে মোমবাতি হাতে রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, তৃণমূল (TMC) সভানেত্রী বারুইপুরে যেতে চাইলে কালীঘাটে (Kalighat) তাঁকে কার্যত নজরবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। আর তার পরের দিন বিকেলে হঠাৎই মোমবাতি হাতে বারুইপুর নাবালিকার ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে মিছিল করেন মমতা।

কালীঘাটে নিজের বাড়ি থেকে মিছিল করে বেরোন মমতা। মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন দোলা সেন (Dola Sen), প্রতিমা মণ্ডল (Pratima Mandol), জয়া দত্ত, অপরূপা পোদ্দার, উপাসনা চৌধুরী-সহ অন্যান্যরা।  উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর বারুইপুরের মতো স্লোগান তুলে এগিয়ে চলে মিছিল। সঙ্গে প্ল্যাকার্ড। 

প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাড়ির সামনে থেকে মিছিল শুরু করলে রাস্তার মুখেই মমতাকে আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের গার্ডরেল সরিয়ে শেষ পর্যন্ত কালীঘাট রোডে মিছিল নিয়ে চলে যান মমতা এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল নেতৃত্ব। এর পরে হাজরা মোড়ের দিকে এগোয় মিছিল (Rally)। অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড় চত্বর। প্রচুর সংখ্যক পুলিশ (Police) মোতায়েন ছিল সেখানে। পরে কালীঘাটে নিজের বাড়ির কাছে ফিরেই মিছিল শেষ করেন মমতা। 

এ দিন সকালেই বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধিদল। তারপর এ দিন বিকেলে আর তাঁকে আটকানো যায়নি। মোমবাতি মিছিল করে বারুইপুরের ঘটনার প্রতিবাদ করে তিনি বুঝিয়ে দেন লড়াইয়ের ময়দান থেকে তাঁকে সরিয়ে রাখা কঠিন।