আগেই ফোনে কথা বলেছিলেন। এবার স্যোশাল মিডিয়া লাইভেও (Media Live) সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন প্রসঙ্গ তুলে দিল্লির সরকারকে নিশানা করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে লাইভে (FaceBook Live) এসে মমতা বলেন, "দিল্লির মদতে যা ইচ্ছা আপনারা করে যাচ্ছেন। আগে দিল্লিটা রক্ষা করুন।"
মমতার রাজনৈতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ধর্না-অনশন। সিঙ্গুর আন্দোলনে তাঁর টানা ২৬ দিনের অনশন রাজ্য শুধু নয় জাতীয় রাজনীতিকে ঝড় তুলেছিল। এবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির (Delhi) যন্তরমন্তরে অনশনরত সমাজকর্মী তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন তৃণমূলের সুপ্রিমো। আগেই ফোনে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
যন্তরমন্তরে ১৭ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা উদ্বেগজনক। সোশাল মিডিয়ায় আলোড়ন হলেও রাজনৈতিক সমর্থন পাচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে সহমর্মিতা জানালেন মমতা।
এদিন লাইভে তৃণমূল সভানেত্রী বলেন, "দিল্লির মদতে যা ইচ্ছা আপনারা করে যাচ্ছেন। আগে দিল্লিটা রক্ষা করুন।" সোনম ওয়াংচুকের অনশন প্রসঙ্গ টেনে বলেন, "আজ সোনম অনশন করার পরেও কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করছে না। আমি যখন ২৬দিন অনশন করেছিলাম, সরকার থেকে কেউ যোগাযোগ করেনি, একমাত্র তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এসেছিলেন। মহাশ্বেতাদি ছিলেন, কবীর সুমন ছিলেন, ভি পি সিং এসেছিলেন। আর আজ সোনমের সঙ্গে গিয়ে একবার কেউ কথাও বলতে পারছে না! এখানে যখন ছেলেমেয়েরা অনশন করেছিল তখন তো আমরা নিজে কথা বলতে গিয়েছিলাম। আমি অনেকবার ডেকেছিলেন। একটা মানুষ জীবন সংকটে দাঁড়িয়ে আছেন। খোলা আকাশের নীচে। বর্ষার মধ্যে। আর তাঁকে ধমকাচ্ছে-চমকাচ্ছে। ধমক-চমকের রাজনীতি শেষ হবে।"
















