অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ 'সুইগি'(Swiggy)-র ওপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাঁর খাবারের অর্ডার বাতিল করেছে সুইগি। শুধু তাই নয়, খাবার তো মেলেইনি, উল্টে তাঁর কাছ থেকে ১,৪৫৭ টাকা 'ক্যানসেলেশন চার্জ' বা বাতিল করার জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয় এর আগেও তিনবার কারণ ছাড়া অর্ডার বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।
বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যম এক্স-এ ক্ষোভ উগরে দিয়ে মহুয়া লেখেন, "এই নিয়ে তিনবার সুইগি কোনও কারণ না ছাড়াই আমার অর্ডার বাতিল করল এবং পুরো বিলের টাকাই ক্যানসেলেশন ফি হিসেবে কেটে নিয়েছে। রাতের খাবারও জুটল না, আবার কাস্টমার কেয়ার থেকেও কোনও সাহায্য পেলাম না।"
পোস্টের সাথে তিনি সেই বাতিল হওয়া অর্ডারের স্ক্রিনশটও শেয়ার করেন। সেখানে দেখা যায়, কলকাতার নামী রেস্তোরাঁ 'আর্সালান' থেকে খাবার অর্ডার করেছিলেন তিনি। কিন্তু সেই অর্ডারের পুরো টাকাই ক্যানসেলেশন চার্জ হিসেবে কেটে নেওয়া হয়েছে।
মহুয়া মৈত্রের এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। অনেকেই কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে জানান, তাঁদের সঙ্গেও এমন ঘটনা প্রায়ই ঘটে। সুইগির ক্যানসেলেশন পলিসি ও গ্রাহক পরিষেবা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন।
বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই নড়েচড়ে বসে সুইগি কর্তৃপক্ষ। মহুয়ার পোস্টের জবাবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।কেন অর্ডার বাতিল হলো এবং কেন এত টাকা চার্জ কাটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
















